সাজেকে অবরোধে বাতিল ‘কঠিন চীবর দানোৎসব’

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেকে চলমান অবরোধ কর্মসূচির কারণে সাজেকের বনানী বন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দানোৎসব বাতিল করা হয়েছে। এ ছাড়া চলমান অবরোধ অব্যাহত থাকলে আরও বিভিন্ন বিহারে বাতিল করা হতে পারে কঠিন চীবর দানোৎসব। প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন বৌদ্ধবিহারে এ আয়োজন করা হলেও চলমান পরিস্থিতিতে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবরোধের কারণে যাতায়াতব্যবস্থা ব্যাহত হওয়ায় ভিক্ষু-শ্রমণ, দায়ক-দায়িকা ও দূরদূরান্ত থেকে আসা ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণ সম্ভব হচ্ছে না।

সাজেক বনানী বনবিহার কঠিন চীবর দান উদযাপন কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সাজেকের পরিস্থিতি বিবেচনায় অনিবার্য কারণে ৬ ও ৭ নভেম্বরের কঠিন চীবর দান উৎসবের অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

গত ২২ অক্টোবর থেকে সাজেক সড়কে তৃতীয় দফায় অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি শুরু করে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন। গত ১ নভেম্বর একদিনের জন্য অবরোধ শিথিলের পর ২ নভেম্বর থেকে চতুর্থ দফায় অবরোধ শুরু করে, যা শুক্রবার পঞ্চম দিনের মতো পালিত হয়েছে। অবরোধের কারণে সাজেক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।