স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

যশোর সদর উপজেলার শানতলায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত গৃহবধূ শাহানারা খাতুন (২৫) ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। হত্যাকা-ে জড়িত অভিযোগে স্বামী আতিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে শানতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, আতিয়ার রহমান মাদকাসক্ত। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য কলহ চলে আসছিল। মাদক সেবন ও পারিবারিক বিরোধের জেরে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আতিয়ার রহমান স্ত্রী শাহানারাকে মারধর করেন। এতে তার মৃত্যু হয় বলে অভিযোগ স্বজনদের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, গৃহবধূ হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আতিয়ার রহমানকে আটক করা হয়েছে। তিনি স্ত্রীর হত্যাকা-ের কথা শিকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।