রাঙামাটির লংগদুতে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলার সময় ঘরের দরজার পর্দায় গলায় ফাঁস লেগে অর্জিত চাকমা (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত অর্জিত চাকমা ওই এলাকার মিত্র দেব চাকমা ও কনা চাকমা দম্পতির ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়িতে ছোট ভাইয়ের সঙ্গে খেলাধুলা করছিল অর্জিত। একপর্যায়ে ঘরের দরজার পর্দায় তার গলায় ফাঁস লেগে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।