নারায়ণগঞ্জে বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি মোবাইল ফোনসহ অস্ত্র ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের এক সহযোগী পালিয়ে যায়।

শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১১টায় সিদ্ধিরগঞ্জের শান্তিনগর ক্যানেলপাড় এলাকায় সোহেলের মুদি দোকানের সামনে কাঠের পুলের পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন ওরফে শীষনাগ জসিম (৪৫), মো. লিটন ওরফে পাইলট লিটন (৪৫) ও মো. শফিকুর রহমান ওরফে রনি (৩৫)। তাদের সহযোগী বিল্লাল ড্রাইভার (৩৫) পালিয়ে যান।

ডিবি পুলিশের অভিযানে জসিমের কাছ থেকে কালো রঙের একটি বিদেশি পিস্তল ও রেডমি নোট ১৩ প্রো মডেলের মোবাইল ফোন এবং লিটনের কাছ থেকে হুয়াওয়ে পি৩০ প্রো মডেলের একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, উদ্ধার করা মোবাইল ফোনগুলোর হোয়াটসঅ্যাপ ও গ্যালারিতে অবৈধ অস্ত্রের ছবি এবং কেনাবেচাসংক্রান্ত বার্তা পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকাসহ বিভিন্ন এলাকায় কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।