বিমানবন্দরে ১৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।

শনিবার (৭ নভেম্বর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী (ইএ-১৪৮) ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।

কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন করে। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্যের দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া ঠেকাতে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।

বিউটি ক্রিম জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল।