পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ঢালাই খসে চালক আহত

নারায়ণগঞ্জের ফতুল্লায় পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভারের ওপর থেকে পাথর-ঢালাইয়ের বড় টুকরো খসে পড়ে আহত হয়েছেন এক ইজিবাইকচালক। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে গেছে। 

শনিবার (৭ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকায় ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের নিচে এ ঘটনা ঘটে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তাৎক্ষণিকভাবে আহত চালককে হাসপাতালে নেওয়া হয়। এ কারণে তার নাম-পরিচয় জানা যায়নি। খবর পেয়ে দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্লাইওভারের ৭২ নম্বর পিলারের ওপরের অংশ থেকে পাথর দিয়ে ঢালাই করা ভারী দুটি বড় টুকরো খসে নিচে চলন্ত ইজিবাইকের ওপর পড়ে। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের ভাষ্য, ফ্লাইওভারের নিচ দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। এভাবে অন্যান্য স্থান থেকেও ঢালাই খসে পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় রাজমিস্ত্রিরা জানান, খসে পড়া স্থানটি দেখে মনে হচ্ছে, রড থেকে কংক্রিটের ঢালাই আলাদা হয়ে গেছে। এ ধরনের সমস্যাকে ‘কংক্রিট স্পলিং’ বলা হয়। কংক্রিটের ভেতরে থাকা রড কোনো কারণে বাতাস বা পানির সংস্পর্শে এলে তাতে মরিচা ধরতে পারে। এতে কংক্রিটে ফাটল সৃষ্টি হয়ে ঢালাইয়ের অংশ খসে পড়ে। একটি স্থানে এমন সমস্যা দেখা দেওয়ায় ফ্লাইওভারের অন্য স্থানগুলোও পরীক্ষা করা জরুরি বলে মনে করছেন তাঁরা।

তবে পঞ্চবটি-মুক্তারপুর ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের পরিচালক ওয়াহিদুজ্জামান বলেন, ‘এটি স্পলিং নয়। কাজ করার সময় শ্রমিকেরা ভুলবশত একটি ব্লক সেখানে রেখে এসেছিলেন। সেই ব্লকটি ইজিবাইকের ওপর পড়ে। এতে ইজিবাইকটি ভেঙে যায় এবং চালক আহত হন। এ ছাড়া সড়কের অন্য কোথাও কোনো সমস্যা নেই।’

তিনি আরও জানান, আশা করা হচ্ছে, ডিসেম্বরের শেষের দিকে প্রধানমন্ত্রী সড়কটির উদ্বোধন করবেন।