বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচিং প্যানেলে পরিবর্তনের গুঞ্জন উঠেছে। ফরাসি কোচ এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আলোচনা এগোচ্ছে বলে জানা গেছে। বাফুফের বিশ্বস্ত সূত্রে এই তথ্য জানা গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের অনুপস্থিতিতে দুই মাসের জন্য নারী দলের দলের দায়িত্ব নিতে পারেন উয়েফা এ লাইসেন্সধারী এই কোচ। ব্রিটিশ সংবাদমাধ্যম থেকে প্রকাশিত খবর অনুযায়ী, বাফুফের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহের শুরুতেই ঢাকায় আসতে পারেন এরিক। এরপর তিনি চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) চলমান নারী দলের অনুশীলন ক্যাম্পের দায়িত্ব বুঝে নিতে পারেন।
গত মাসের শেষ দিকে চিকিৎসার প্রয়োজনে ইংল্যান্ডে ফিরে যান পিটার বাটলার। এরপর দূর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের অনুশীলন ও প্রস্তুতি নিয়ে নির্দেশনা দিচ্ছেন তিনি। তবে এভাবে নির্দেশনা দেওয়ায় সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমার মধ্যে দায়িত্ব বণ্টন এবং যোগাযোগে কিছুটা জটিলতা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোচিং প্যানেলের অভ্যন্তরীণ সমন্বয় নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
এমন পরিস্থিতিতে দলের প্রস্তুতি স্বাভাবিক রাখতে এরিককে স্বল্পমেয়াদে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করছে বাফুফে। তবে তার নিয়োগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ফেডারেশন। পিটার বাটলারের শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে এরিকের দায়িত্ব কত দিন পর্যন্ত বহাল থাকবে, সেটিও এখনো নিশ্চিত নয়।
আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখেই মূলত এই পরিবর্তনের উদ্যোগ বলে জানা গেছে। আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে ১০৬তম অবস্থানে থাকা বাংলাদেশের জন্য ১৪৭তম স্থানে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দুটি নিজেদের শক্তি যাচাইয়ের গুরুত্বপূর্ণ সুযোগ।
এদিকে গত ৩০ অক্টোবর ঢাকা থেকে চট্টগ্রামে যায় জাতীয় নারী দলের ৪৪ সদস্যের বহর। সেখানে চলছে নিবিড় অনুশীলন ক্যাম্প। আগামী ১৬ নভেম্বর ঢাকায় ফেরার কথা রয়েছে দলের। পরদিন ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবে তারা। এরপর ১৯ নভেম্বর একই ভেন্যুতে আবারও নিয়মিত অনুশীলন শুরু হওয়ার কথা। সিঙ্গাপুর সফরের জন্য ৪৪ সদস্যের প্রাথমিক দল থেকে চূড়ান্তভাবে ২৩ জনকে বেছে নেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্বও পড়তে পারে এরিকের ওপর। ফলে এই সময়ে তার যোগদান নারী দলের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখতে পারে।