দীপাবলি ও শ্যামা পূজায় আলোর বর্ণিল সাজে খুলনা

সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্যামা কালী পূজা উপলক্ষে উৎসব মুখর সাজে সেজে উঠেছে খুলনা। দুর্গাপূজার পরের অমাবস্যা তিথিতে এই উৎসব উদযাপিত হয়।

আলোর রোশনাই আর ভক্তির মেলবন্ধনে একসাথে এই দুইটি উৎসব উদযাপিত হয় বলে সনাতন ধর্মাবলম্বীদের বাড়ি, মন্দির, মন্ডপসহ চারদিক সেজে উঠে আলোর মালায়।

পুরাণ মতে, জগতের যাবতীয় অন্ধকার, অন্যায় ও অশুভ শক্তিকে দূর করতে দেবী কালীর আবির্ভাব ঘটে। মণ্ডপে মণ্ডপে গভীর রাতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে মায়ের পূজা ও অঞ্জলি প্রদান করা হয়। মায়ের চরণে করজোড়ে ভক্তরা প্রার্থনা করেন পৃথিবী থেকে হিংসা, দ্বেষ ও সব রকমের অকল্যাণ দূর হয়ে যেন শান্তি ও সম্প্রীতি বিরাজ করে।

MixCollage-07-Nov-2026-10-34-PM-1168
সরেজমিনে দেখা গেছে, আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বলন আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে খুলনায় উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি ও শ্রীশ্রী শ্যামা কালী পূজা। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির বিজয়ের প্রার্থনা নিয়ে আনন্দঘন পরিবেশে উৎসবটি উপভোগ করছেন খুলনাবাসী।

সন্ধ্যা নামার সাথে সাথেই পুরো খুলনা মহানগরী রূপ নেয় এক মায়াবী আলোর নগরীতে। সনাতন ধর্মাবলম্বী পরিবার তাদের ঘরবাড়ির আঙিনা, ছাদ, ও দুয়ার সাজিয়ে তোলেন মাটির প্রদীপ, মোমবাতি এবং আধুনিক রঙিন মরিচবাতিতে। স্থানীয় মণ্ডপগুলোতে করা হয়েছে চোখধাঁধানো আলোকসজ্জা।

বিশেষ করে নগরীর কালীবাড়ি মন্দির, ঐতিহ্যবাহী আর্য্য ধর্মসভা মন্দির, উমানন্দ শিব মন্দির, শিববাড়ি কালী মন্দির, কয়লাঘাট কালী মন্দির, রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দির, শীতলা বাড়ি মন্দিরসহ বড় আয়োজনে সিটি ব্যাংকের গলিতে সংঘ মিত্র, প্রেস ক্লাবের গলিতে অগ্রণী বয়েজ ক্লাব, সাহেবের করবখানা সংলগ্ন সূর্য তরুণ, বেনী বাবু রোডে এশিয়া শ্যামা সংঘ, দোলখেলায় সোনার বাংলা যুব গোষ্ঠীসহ নগরীর বিভিন্ন মন্দির ও মন্ডপে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে। 

এবছর খুলনা জেলায় ২ হাজারের বেশী মন্দির ও মন্ডপে শ্যামা কালী পূজার আয়োজন করা হয়েছে।