সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাত বাংলাদেশি মারা গেছেন। আহত হয়েছেন আরও ১৫ বাংলাদেশি। নিহতদের সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার বাসিন্দা। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। গতকাল শনিবার মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সৌদি আরবের আল আবির কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির কর্মী ও তাদের পরিবারের সদস্য। তাদের মধ্যে একই পরিবারের চার সদস্য রয়েছেন।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এ তথ্য নিশ্চিত করেছে। নিহতরা হলেন চকরিয়ার বাসিন্দা ও প্রতিষ্ঠানটির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও একমাত্র মেয়ে। তবে সন্তানদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। নিহত অন্য তিনজন হলেন মক্কায় কর্মরত কোম্পানির স্টোরকিপার শাহ আলম ও তার এক মাস বয়সী কন্যাশিশু এবং একই প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী।

কোম্পানির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে এই সড়ক দুর্ঘটনা ঘটে। শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নারী ও শিশুসহ সাতজনের মৃত্যু হয় এবং ১৫ জন আহত হন। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সৌদি আরবের স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মরদেহ মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে। কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের পরিচয় নিশ্চিত করা এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।