বৌদ্ধবিহার ঘুরে ফেরার পথে প্রাণ গেল চিকিৎসকের

পর্যটনকেন্দ্র পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নাবিলা নুসরাত (৩২) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের আজিমপুর গ্রামের বটতলা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাবিলা নুসরাত বরিশাল সদর উপজেলার বাসিন্দা চিকিৎসক ডা. মাইনুল ইসলাম শুভর স্ত্রী। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্যাথলজি বিষয়ে এমডি (উচ্চতর ডিগ্রি) অধ্যয়নরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকার আদাবর এলাকা থেকে স্বামী মাইনুল ইসলাম শুভসহ আরও দুই সহকর্মীকে নিয়ে কুয়াকাটায় বেড়াতে আসেন নাবিলা। শনিবার বিকেলে তারা উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার ঘুরতে যান। সন্ধ্যায় সেখান থেকে ইজিবাইকযোগে কুয়াকাটায় ফেরার পথে আজিমপুর গ্রামের বটতলা এলাকায় পৌঁছালে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ইজিবাইকে থাকা নাবিলা নুসরাত মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) ইলিয়াস তালুকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।