জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠানে আনসার-ভিডিপির চার সদস্যকে চাকরির প্রস্তাব 

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) চারজন দক্ষ সদস্য জাপানের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সরাসরি চাকরির প্রস্তাব পেয়েছেন। রবিবার (৮ নভেম্বর) বাহিনীটির গাজীপুরের সফিপুর একাডেমিতে জাপানি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সরাসরি সাক্ষাৎকারের পর এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

শনিবার (৭ নভেম্বর) আনসার-ভিডিপির সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাকরির প্রস্তাব পাওয়া চার সদস্য হলেন–ময়মনসিংহের হোসনে মোকাম্মেল জিহাদ, সাতক্ষীরার মো. ইমানুর রহমান খান, বগুড়ার মো. রিফাত আলী এবং ফেনীর রফিকুল ইসলাম রবিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানি প্রতিষ্ঠানটির পরিচালক হিরাটা তোমোহিরো ও মার্কেটিং ম্যানেজার হাসেগাওয়া মিনোরু গাজীপুরের সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শন করেন। এ সময় তারা সরাসরি নিয়োগের লক্ষ্যে প্রশিক্ষণার্থীদের সাক্ষাৎকার নেন। তাদের সঙ্গে ছিলেন জব ট্রেনিংয়ের দুই বাংলাদেশি প্রতিনিধি।মানচিত্র দেখুন

একাডেমির শহিদ এলাহী বক্স অডিটোরিয়ামে আয়োজিত বিশেষ সাক্ষাৎকারে প্রশিক্ষণার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়ার পাশাপাশি কারিগরি জ্ঞান ও জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতা যাচাই করা হয়। এ সময় বাহিনীর প্রকল্প-প্রশিক্ষণ পরিচালক মো. মইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আনসার-ভিডিপি জানায়, সাক্ষাৎকারে অংশ নেওয়া সদস্যরা এর আগে জাপানি ভাষার এন-৫ ও এন-৪ পর্যায়ে তিন মাস করে মোট ছয় মাসের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তাঁদের শৃঙ্খলাবোধ, কর্মনিষ্ঠা, কারিগরি জ্ঞান এবং জাপানি ভাষায় যোগাযোগের দক্ষতায় সন্তোষ প্রকাশ করেন নিয়োগকর্তারা। পরে তাৎক্ষণিকভাবে চারজনকে চাকরির প্রস্তাব দেওয়া হয়।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের বিশেষ উদ্যোগে সদস্যদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। এর অংশ হিসেবে আনসার-ভিডিপি একাডেমিতে জাপানি ভাষা শিক্ষা ক্র্যাশ প্রোগ্রাম এবং মোটর ড্রাইভিং ও মেকানিকস বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ চলছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী দিনে বাহিনীর এক লাখ সদস্যের বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরির উদ্যোগ চলছে। পাশাপাশি বৈধ ও নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাহিনীর নিজস্ব রিক্রুটিং এজেন্সি ‘প্রান্তিক শক্তি লিমিটেড’-এর জন্য প্রয়োজনীয় লাইসেন্স নেওয়া হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে শুধু সদস্যদের জন্য সম্মানজনক বৈদেশিক কর্মসংস্থানের সুযোগই সৃষ্টি হবে না, বরং তাদের আর্থসামাজিক উন্নয়ন, দেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের দক্ষ জনশক্তির অবস্থান সুদৃঢ় করতেও বাংলাদেশ আনসার ও ভিডিপি ভিন্ন নবধারায় দৃষ্টান্তমূলক পাথেয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।