টেকনাফে ডগ স্কোয়াডের অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডগ স্কোয়াডের সহায়তায় পৃথক তিনটি অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫৮ লিটার দেশীয় তৈরি বাংলা চোলাই মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীন দমদমিয়া চেকপোস্টে এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিট পর্যন্ত নিয়মিত তল্লাশির অংশ হিসেবে লেদা ও কক্সবাজার থেকে টেকনাফগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। এ সময় বিজিবির প্রশিক্ষিত কে-৯ ডগ ‘মেঘলা’র সহায়তায় একটি যাত্রীবাহী বাস ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে ডগ ‘মেঘলা’ যানবাহনগুলোতে মাদকের উপস্থিতির সংকেত দেয়। পরে বিজিবি সদস্যরা বিস্তারিত তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৫৮ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন। এ ঘটনায় চারজনকে আটক করা হয় এবং দুটি সিএনজি জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- টেকনাফ পৌরসভার খায়ুকখালী পাড়ার মৃত মো. আফজালের ছেলে আবুল বশর (৪৪), নয়াপাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে কালাম হোসেন (৪২), সাবরাং ইউনিয়নের কুড়া বুইজ্জাপাড়ার মৃত শাকের মোহাম্মাদের ছেলে আব্দুস শুকুর (৫৫) এবং কেরানতলীর বশির আহম্মেদের ছেলে ফয়সাল (২০)।

টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধিনায়ক হানিফুর রহমান ভূঁইয়া জানান, সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। মাদক পাচার রোধে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত কে-৯ ডগ স্কোয়াড ব্যবহারের পাশাপাশি গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, জব্দ করা মাদকদ্রব্য ও সিএনজিসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।