খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, চলতি ২০২৬-২৭ অর্থবছরে আমন মৌসুমে ৩ লাখ মেট্রিক টন ধান এবং ৫ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংগৃহীত চালের মধ্যে ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল রয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি কেজি ধানের সংগ্রহমূল্য ৩৫ টাকা, সিদ্ধ চালের ৪৯ টাকা এবং আতপ চালের ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাদ্যমন্ত্রী জানান, আগামী ২৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ কার্যক্রম শুরু হবে, যা চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে, চাল সংগ্রহ শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে। এ কার্যক্রমও একই বছরের ২৮ ফেব্রুয়ারি শেষ হবে।
উল্লেখ্য, গত বছর সরকার প্রতি কেজি সিদ্ধ চাল ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে সংগ্রহ করেছিল। ওই মৌসুমে ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল কেনা হয়েছিল।
খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্যের মজুত, সরকারি বিতরণ এবং খাদ্যশস্য আমদানি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনি ইশতেহার ২০২৬-এর প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের লক্ষ্যে কৃষককেন্দ্রিক আধুনিক কৃষিব্যবস্থা গড়ে তোলা। ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আফরোজা খানম রিতা বলেন, কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করাকে এবারের সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।