বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) পাঁচ কর্মকর্তাকে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে তিনজন অতিরিক্ত পরিচালক এবং দুজন যুগ্মপরিচালক রয়েছেন।
রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ-১ থেকে জারি করা কর্মচারী নির্দেশনা নম্বর এইচআরডি-১: ৬৩১/২০২৬-এ জানানো হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে বিএফআইইউতে কর্মরত পাঁচ কর্মকর্তাকে তাঁদের নামের পাশে উল্লেখ করা বিভাগে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ-জামানকে কৃষিঋণ বিভাগ-২, মোহাম্মদ সানাউল আলম সমুকে ডিপোজিট ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের ডিভিশন-২ এবং কামরুল হাসান আজাদকে আইন বিভাগে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, যুগ্মপরিচালক মো. জয়নুল আবেদীনকে ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং ডিপার্টমেন্টে এবং মোহাম্মদ সাইফুল ইসলামকে ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টে বদলি করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আদেশে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তারা ৮ নভেম্বর কর্মদিবসের শেষে তাঁদের বর্তমান দায়িত্ব থেকে অবমুক্ত বলে গণ্য হবেন। পাশাপাশি নতুন কর্মস্থলে যোগদানের জন্য প্রয়োজনীয় কার্যভার প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বিএফআইইউ দেশের আর্থিক খাতে অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও প্রতিরোধে কাজ করে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে সন্দেহজনক লেনদেনের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সংস্থার কাছে প্রতিবেদন পাঠানোও প্রতিষ্ঠানটির অন্যতম দায়িত্ব।