দুমকিতে গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

পটুয়াখালীর দুমকিতে ৫০ গ্রাম গাঁজাসহ মো. আল আমিন মৃধা (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কালো রঙের হোন্ডা হর্নেট মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ১২টায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের লেবুখালী টোলপ্লাজার উত্তর পাশে চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুমকি থানার এসআই মো. সজিব হোসেন লেবুখালী টোলপ্লাজায় রাতের দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মোটরসাইকেলে করে এক ব্যক্তি মাদক নিয়ে পটুয়াখালীর দিকে আসছেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ চেকপোস্টে তল্লাশি জোরদার করে। রাত সাড়ে ১২টার দিকে সন্দেহভাজন একটি কালো রঙের হোন্ডা হর্নেট মোটরসাইকেল থামানো হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে চালক আল আমিন মৃধার দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার আল আমিন মৃধা যশোর জেলার চৌগাছা থানার নারায়ণপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত আবু বক্কর মৃধার ছেলে।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিনের দাখিল করা ইনসিডেন্ট রিপোর্ট অনুযায়ী, এ ঘটনায় দুমকি থানায় মাদক আইনে মামলা হয়েছে।  গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।