ফরিদপুরে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৪ দশমিক ৮৪০ লিটার বিদেশি মদ ও ৩৫টি বিয়ার ক্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১৮ হাজার টাকা।
শনিবার (৭ নভেম্বর) রাত থেকে রবিবার (৮ নভেম্বর) ভোর পর্যন্ত ফরিদপুর কোতোয়ালি থানা এলাকার টেপাখোলা কালীবাড়ি মন্দির, মামুদপুর ও অম্বিকাপুরের চরগিয়ান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১০-এর বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাত ১টা ৫০ মিনিটে টেপাখোলা কালীবাড়ি মন্দির এলাকায় অভিযান চালায়। এ সময় ৩৫ দশমিক ৮৪০ লিটার বিদেশি মদসহ শোভন কুমার সাহা ওরফে কৃষ্ণ (২৯) নামের একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৯৩ হাজার টাকা।
পরে রাত ৩টা ৫৫ মিনিটে মামুদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৫টি বিয়ার ক্যানসহ শোভন হাসান পারভেজ (২৮) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। এসব বিয়ারের আনুমানিক বাজারমূল্য ৩৫ হাজার টাকা।
এ ছাড়া ভোর ৫টা ৪৫ মিনিটে অম্বিকাপুরের চরগিয়ান্দিয়া এলাকায় অভিযান চালিয়ে ১৯ লিটার বিদেশি মদসহ মো. আশিক শেখ (২৬) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৯০ হাজার টাকা।
এসআরবি-১০ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ, বিয়ারসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।