এসআরবি মহাপরিচালক হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণ

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ আজ রবিবার (৮ নভেম্বর) স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ফোর্সেস-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। 

তিনি রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমী থেকে এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি দীর্ঘ চাকুরি জীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। 

তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি অতিরিক্ত কমিশনার (প্রশাসন), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন), র‌্যাব ফোর্সেস সদর দপ্তর এবং হাইওয়ে পুলিশ প্রধান হিসেবে  দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফারুক আহমেদ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে স্নাতক (বিএসসি ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি লাভ করেন।