চাঁদা না পেয়ে রাজমিস্ত্রিকে মারধর, বাড়িছাড়া ভুক্তভোগী

ফেনীর সোনাগাজীতে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে মো. শাহজাহান (৩৫) নামে এক রাজমিস্ত্রিকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এছাড়া তাকে প্রাণনাশের হুমকি দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। অভিযুক্তদের হুমকির কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগে স্থানীয় শেখ ফরিদ, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ হৃদয়, মো. রাহাত ও মো. জিল্লুসহ অজ্ঞাতনামা কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, অভিযোগের বিষয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, শাহজাহান দীর্ঘ ১৮ বছর ধরে সোনাগাজীসহ বিভিন্ন এলাকায় রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। সম্প্রতি অভিযুক্ত ব্যক্তিরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পাশাপাশি এলাকায় থাকতে না দেওয়ারও হুমকি দেওয়া হয়।

শাহজাহানের অভিযোগ, গত ৪ নভেম্বর রাত ৮টার দিকে সোনাগাজী উপজেলার ৪ নম্বর মতিগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সৈয়দপুর এলাকায় পাকা সড়ক দিয়ে যাওয়ার সময় অভিযুক্তরা তার পথরোধ করেন। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালানো হয়। এতে শরীরের বিভিন্ন স্থানের পাশাপাশি গলাতেও জখম হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, হামলার পরও অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না দিলে যেকোনো সময় প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি তার বাড়িতে গিয়েও হামলা ও হত্যার হুমকি দেওয়া হয়েছে।

শাহজাহান বলেন, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানানোর পর সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযোগ দায়েরের পরও অভিযুক্তদের হুমকি অব্যাহত রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে বাড়িতে থাকতে পারছেন না তিনি।

এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী।