নিরাবেগী স্পর্শ লেগে থাকা হাতের রেখাগুলো ক্ষণে ক্ষণে পাল্টে দিচ্ছে কপালের বাঁ পাশে ঝুলে থাকা চুলের নিচে ছোট একটা তিলের রঙ আর আকার; জোড়া জোড়া বক পাখি উড়ে যায় সাদা সাদা পাখা মেলে। দূর থেকে ভেসে আসে বৃষ্টির গন্ধ। পাখিরা কালো মেঘকে পেছনে ফেলে গায়ে গা লেগে উড়ে যায় উল্টো দিকে। কবিতার মতো ঝিকিমিকি খেলা করে তাদের পাখায়। বৃষ্টির গন্ধে কি একবার বুক ভরে শ্বাস নেব না আমরা? চোখের সামনে পুরাতন কোনো স্মৃতির মতো বাজতে থাকবে বৃষ্টির ফোঁটার মিলনের গান। একে অন্যকে ছুঁয়ে ছুঁয়ে বৃষ্টির ফোঁটারা ঝরে পড়তে থাকবে পুড়তে থাকা মাটিতে। দূর থেকে ভেসে আসে মেঘের গর্জন, মাত্রই যেন ঘুম ভেঙে গেল আমাদের বাড়ির পেছনের নদীর কাশবনের। কাশফুল ফেটে উড়ে উড়ে চলে আসে ওরা আমার ঘরে, আমি তাদের আমার ছেলেবেলার কোনো অচেনা গাছের রেণু ভেবে খুঁজতে থাকি নাম।