কবিতা

জল্লাদ

তোমারই বিষে নীল করতোয়া, তবুও বজরা 
একাকী ভাসছে, যদি অজগর এদেহ জড়ায়

কোজাগরী রাতে তুমি এলে বুকে, ওগো বিস্মরণ  
বিষের পেয়ালা ঠোঁটে নিতে যবে প্রস্তুত মরণ

বিষণ্ণ হরফ, বুনে চলি তীর কবিতার দেহে 
লাল মেঘ থেকে নামে রক্ত আর বৃষ্টির মেহের

তোমাকে ভেজাতে গিয়ে ভিজে যায় একলা বন্দর
জাতিস্মর প্রেম, মরে গিয়ে ফের জন্মায় কবন্ধ

নিধির পাঁজরে ক্ষার আর এই ক্ষয়িষ্ণু নিধুয়া
আধখানি খেয়ে গেছ, আধখানি আছে আধিয়ায়

তোমার সবটা সঙ আমি তাতে দিয়েছি তো সার
তাতেই ফলেছে এই একরোখা বাগানবিহার

তোমার প্রহার থেকে হার নিয়ে সেজেছি বিষাদ
অমোঘ করাতে মাথা, তুমি প্রেম, তুমিই জল্লাদ!