ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়েক মিনিটের ব্যবধানে অন্তত ছয়টি স্থানে হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪২ মিনিটের দিকে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রোরেল স্টেশনের নিচে, সিনেট ভবনসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ঘটে। এ সময় শিক্ষার্থীরা দুজনকে আটক করে ক্যাম্পাসে নিয়ে যান। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের পরপরই দুজনকে আটক করেন শিক্ষার্থীরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাদের থানায় নেওয়া হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন জানান, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও একজনকে নীলক্ষেত মোড় থেকে আটক করা হয়েছে। তিনজনকেই শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের কাছে, ইউল্যাব স্কুলের সামনে, নীলক্ষেত মোড় এবং নীলক্ষেত তোরণের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. নাসিম এ বিষয়ে বলেন, নীলক্ষেত এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণের সামনে রিকশাযোগে এসে কয়েকজন ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনাগুলো তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।