শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত  

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও বিপুল আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা (কালীপূজা) ও দীপাবলি। গতকাল রবিবার গৃহে, স্থায়ী ও অস্থায়ী ম-পে প্রতিমা নির্মাণ করে এবং মন্দিরে প্রতিষ্ঠিত প্রস্তরময়ী প্রতিমাতে মহাসমারোহে কালীপূজা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় প্রদীপ প্রজ্বালন। বাংলা আশ্বিন কিংবা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করেন মা কালী দেবী।  কালীপূজার সময় বাজানো হয় ঢাক, কাঁসর ও ঘণ্টা। মন্ত্রোচ্চারণসহ ফুল, বিল্বপাতা (বেলপাতা), ফল এসব নানা উপাচারে দেবীকে পূজা করা হয়। পূজা অর্চনা শেষে উপবাসী ভক্তরা দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দেন। পূজার আনুষ্ঠানিকতা শেষে হয় প্রসাদ বিতরণ।

সন্ধ্যায় সনাতন ধর্মাবলম্বীরা স্থায়ী ও অস্থায়ী পূজাম-প, মন্দির, বাসাবাড়ি, শ্মশান ও ব্যবসা প্রতিষ্ঠানে প্রদীপ প্রজ্বালন করেন। শিশুসহ বিভিন্ন বয়সী নারী ও পুরুষরা এ আনন্দ উৎসবে যোগ দেন। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা, পিতৃপুরুষ ও স্বজনদের স্মরণ করা হয়। একই সঙ্গে অন্ধকার, অনাচার, অশুভ ও অসুর শক্তিকে পরাভূত করার প্রার্থনা করবেন সনাতন ধর্মাবলম্বীরা।

রাজধানীর জাতীয় ঢাকেশ্বরী মন্দির, রমনা কালীমন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন,  সিদ্ধেশ্বরী কালীমন্দির, পোস্তগোলা মহাশ্মশান, পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, বাংলাবাজারসহ দেশের বিভিন্ন স্থায়ী মন্দির ও অস্থায়ী ম-পে পূজা অর্চনা ও নানা আয়োজনে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সন্ধ্যা সাড়ে ৫টায় সহস্র প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে দীপাবলি ও রাতে শ্যামাপূজা অনুষ্ঠিত হয়।