তেল-গ্যাস মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল

সরকার তেল-গ্যাসের মূল্য সমন্বয়ের নামে বারবার দাম বাড়িয়ে জনগণের পকেট কাটছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে জ¦ালানি তেলের দাম বাড়লেও দেশে দাম অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়ে ভর্তুকির কথা প্রচার করেছিল সরকার। কিন্তু এরপরই তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

গতকাল রবিবার বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সিলিন্ডার গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়।

নূরুল ইসলাম বুলবুল বলেন, দেশে সারের সংকট থাকলেও কৃষিমন্ত্রী তা অস্বীকার করছেন। দলীয়করণের মাধ্যমে ডিলার নিয়োগ করে ১ হাজার টাকার সারের বস্তা ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন, বাড়ছে উৎপাদন খরচ ও পণ্যের দাম।

সমাবেশে নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও সংকট কাটছে না। মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি অভিযোগ করেন বাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে সরকার; প্রধানমন্ত্রীও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না।

ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনের ৮ মাস পরও সরকার রাষ্ট্রে শৃঙ্খলা ফেরাতে পারেনি। এ ছাড়া বক্তব্য দেন মোহাম্মদ কামাল হোসেন এমপি, সৈয়দ জয়নুল আবেদীন এমপি ও হাফেজ রাশেদুল ইসলাম এমপি।

মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। সমাপনী বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সংসদে জনগণের দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলন আরও জোরদার করা হবে।