পাহাড়ি ঝিরি থেকে যুবদল নেতার মরদেহ উদ্ধার

বান্দরবান শহরের একটি পাহাড়ি ঝিরি থেকে শরীফ (৩৮) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে তার লাশ উদ্ধার করা হয়। শরীফ শহরের তালুকদারপাড়ার বাসিন্দা জহিরের ছেলে। তিনি পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ড কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।

পুলিশ জানায়, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে অচেতন অবস্থায় রক্তাক্ত এক যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওই যুবকের মৃত্যু হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়। বান্দরবান জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম জানান, সকালে ঝিরিতে শরীফের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে। তার মৃত্যুর কারণ এখনো জানা সম্ভব হয়নি।

বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, শহরের কসাইপাড়া এলাকার একটি ঝিরি থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।