এসআরবির মহাপরিচালক পদে যোগ দিলেন ফারুক আহমেদ

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ। গতকাল রবিবার সকালে তিনি মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

এ সময় ফারুক আহমেদ উপস্থিত বাহিনীর সব সদস্যকে জনমানুষের কল্যাণে আন্তরিকতা, পেশাদারত্ব, জবাবদিহি ও নিয়মতান্ত্রিকভাবে অর্পিত দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেন। এ  ছাড়া বাংলাদেশের জননিরাপত্তা এবং আইনের সুশাসন প্রতিষ্ঠায় এসআরবিকে রোল মডেল প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়ার জন্য সব পর্যায়ের সদস্যদের নির্দেশ দেন।

অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ ১৯৯৮ সালে বিসিএস ১৭তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি থেকে এক বছর মেয়াদি মৌলিক প্রশিক্ষণ নেন। তার দীর্ঘ বর্ণিল চাকরিজীবনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (প্রশাসন), র‌্যাব সদর দপ্তরে অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং হাইওয়ে পুলিশপ্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লাইবেরিয়া ও সুদানে দায়িত্ব পালন করেন।