সিংগাইর যেন এক ‘স্বর্ণ গ্রাম’

মানিকগঞ্জের সিংগাইর যেন এক ‘স্বর্ণ গ্রাম’। যেখানে কবিতার সেই বিখ্যাত লাইন ‘যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন।’ আক্ষরিক অর্থেই সত্যি। এখানকার দাশেরহাটি, চারিগ্রাম ও গোবিন্দল গ্রামের হাজারো মানুষের জীবিকার প্রধান উৎস স্বর্ণের দোকানের পরিত্যক্ত ছাই ও ধুলোবালি। স্থানীয়ভাবে এটি ‘ছালি ব্যবসা’ নামে পরিচিত। গত দেড় শতাব্দী ধরে বংশপরম্পরায় চলে আসা এই ব্যতিক্রমী পেশার সঙ্গে বর্তমানে জড়িত প্রায় চার থেকে পাঁচ হাজার পরিবার। পুরুষদের পাশাপাশি নারীরাও ছাই সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্যবান ধাতু পৃথক করার কাজে সমানভাবে অবদান রাখছেন।

ছাই থেকে সোনা খোঁজার এই অদ্ভুত কর্মযজ্ঞকে কেন্দ্র করে সিংগাইরে গড়ে উঠেছে কোটি টাকার বিশাল অর্থনৈতিক বলয়। ছাই সংগ্রহ, পরিবহন ও কেনাবেচার এই বিস্তৃত বাণিজ্য কেবল স্থানীয় কর্মসংস্থানই সৃষ্টি করেনি, বরং জাতীয় অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ এলাকার বিপুলসংখ্যক মানুষ স্বর্ণ সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, ক্রয়-বিক্রয় ও পরিবহনের সঙ্গে জড়িত থাকায় এলাকাটি দেশের বিভিন্ন স্থানে ‘স্বর্ণ গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের স্বর্ণের গয়না তৈরির দোকান থেকে পরিত্যক্ত ছাই সংগ্রহ করেন সিংগাইরের ছালি ব্যবসায়ীরা। ঢাকার তাঁতীবাজারসহ সিলেট, কুমিল্লা, খুলনা, যশোর, নড়াইল, বগুড়া, রাজশাহী, সিরাজগঞ্জ ও জামালপুরসহ বিভিন্ন এলাকায় ছাই সংগ্রহে তাদের যাতায়াত রয়েছে।

ছালি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেন বলেন, গহনা তৈরির দোকান থেকে ছাই কেনার আগে নমুনা সংগ্রহ করে ছাঁকনি দিয়ে চেলে যাচাই-বাছাই করা হয়। ব্যবসায়িক অভিজ্ঞতার ভিত্তিতে ছাইয়ে স্বর্ণ পাওয়ার সম্ভাবনা বিবেচনা করেই এর দাম নির্ধারণ করা হয়। প্রতি দুই মণের একটি বস্তা ছাইয়ের দাম কয়েক হাজার টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত হতে পারে। ছাইয়ের মান ও স্বর্ণ পাওয়ার সম্ভাবনার ওপর দাম আরও কমবেশি হয়।

এই ছাই থেকে শুধু স্বর্ণই নয়, রুপা, তামা, সিসা ও ব্রোঞ্জও সংগ্রহ করা হয়। পুরো প্রক্রিয়াটি শ্রমসাধ্য, সময়সাপেক্ষ এবং অভিজ্ঞতানির্ভর। প্রথমে স্বর্ণের দোকান থেকে সংগ্রহ করা ছাই সূক্ষ্ম চালনিতে ছেঁকে নেওয়া হয়। পরে তা ঢেঁকিতে ছেঁটে পানির সঙ্গে মিশিয়ে পি- তৈরি করা হয়। পি-গুলো রোদে শুকিয়ে আগুনের তাপে পোড়ানোর পর বিভিন্ন ধাতব উপাদান পৃথক করার কাজ শুরু হয়। পরবর্তী ধাপে মাটিতে গর্ত করে চুন ও ধানের তুষ ব্যবহার করে সিসা আলাদা করা হয়। এরপর অবশিষ্ট অংশ বিশেষ প্রক্রিয়ায় পরিশোধন করে স্বর্ণ ও রুপা পৃথক করেন কারিগররা। ব্যবসায়ীরা জানান, এ কাজে মূলধন, দক্ষ শ্রমিক এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা প্রয়োজন।

ছালি ব্যবসাকে কেন্দ্র করে চারিগ্রাম বাজারে গড়ে উঠেছে স্বর্ণ ও রুপার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। বর্তমানে সেখানে প্রায় ৫০ থেকে ৬০টি জুয়েলারি দোকান রয়েছে। স্থানীয় ছালি ব্যবসায়ীদের কাছ থেকে সংগৃহীত স্বর্ণ ও রুপা এসব দোকানে কেনাবেচার পাশাপাশি মানিকগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়।

ভাই ভাই জুয়েলার্সের মালিক কবির হোসেন বলেন, প্রতি শুক্রবার ও সোমবার চারিগ্রাম বাজারে স্বর্ণের কেনাবেচা বেশি হয়। ঢাকার বড় জুয়েলারি ব্যবসায়ীরাও এই বাজারের সঙ্গে যুক্ত। দীর্ঘদিনের এই শিল্প কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে ব্যবসা পরিচালনা ও মূল্যবান ধাতু পরিবহনের ক্ষেত্রে নানা সমস্যার কারণে অনেক ব্যবসায়ী ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন।

চারিগ্রাম জুয়েলারি সমবায় সমিতির সভাপতি মানিক হাসান ও সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন জানান, সমিতির ৬৯ জন সদস্য ছালি ব্যবসায়ীদের কাছ থেকে স্বর্ণ ও রুপা কিনে স্থানীয় বাজারে বিক্রি করেন। এর বাইরেও এলাকায় অনেকে স্বর্ণ-রুপার ব্যবসার সঙ্গে জড়িত। বাজারের কোনো কোনো ব্যবসায়ীর মাসিক স্বর্ণ-রুপা কেনাবেচা কয়েক কোটি টাকায় পৌঁছে যায়। বড় ব্যবসায়ীরা স্থানীয় বাজার থেকে মূল্যবান ধাতু সংগ্রহ করে মানিকগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করেন।

ফলে ছাই সংগ্রহ থেকে শুরু করে শ্রমিকের মজুরি, প্রক্রিয়াজাতকরণ, স্বর্ণ-রুপার কেনাবেচা, পরিবহন এবং জুয়েলারি ব্যবসা প্রতিটি ধাপেই অর্থের লেনদেন ও কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। পরিত্যক্ত ছাইকে অর্থনৈতিক সম্পদে রূপান্তরের মাধ্যমে গড়ে ওঠা এই শিল্প স্থানীয় পর্যায়ে হাজারো পরিবারের জীবিকার ব্যবস্থা করার পাশাপাশি দেশের স্বর্ণ-রুপার বাজার ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকা-েও ভূমিকা রাখছে।

তবে এই ব্যবসায় লাভের পাশাপাশি রয়েছে বড় ধরনের ঝুঁকি। ব্যবসায়ীদের ভাষ্য, বেশি দামে ছাই কিনেও অনেক সময় আশানুরূপ স্বর্ণ পাওয়া যায় না। আবার পর্যাপ্ত মূলধনের অভাবে অনেকেই ব্যবসার পরিধি বাড়াতে পারেন না। প্রয়োজন অনুযায়ী ছাই সংগ্রহ করতে না পারা এবং স্বর্ণ-রুপার পর্যাপ্ত জোগান না থাকায় সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসার মুনাফাও কমেছে বলে দাবি করেন তারা।

ছালি ব্যবসায়ী মো. হালিম, আনু ব্যাপারী, সূর্য মিয়া, দুদু মিয়া, সায়েদ হোসেন, আনোয়ার হোসেন ও আত্রব আলী বলেন, বংশপরম্পরায় চার পুরুষ ধরে তারা এই পেশার সঙ্গে যুক্ত। কিন্তু এখন বাপ-দাদার এই পেশা ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ছাই সংগ্রহ করে আনার সময় পথে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন তারা।

সিংগাইর সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাহিনুর রহমান সৌরভ বলেন, ছালি ব্যবসায়ীদের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে বৈধভাবে ক্রয় করা ছাই সিংগাইরে পরিবহনের সময় ব্যবসায়ীরা যাতে অযথা সমস্যায় না পড়েন, সে জন্য বিশেষ পরিচয়পত্র বা প্রয়োজনীয় অনুমতিপত্র দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়েছে।