সাংবাদিক হয়রানি এবং জাতীয় সংগীত অবমাননার জন্য চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিকে ক্ষমা চাইতে আইনি নোটিস পাঠানো হয়েছে। গতকাল রবিবার পরীমণি, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকের ঠিকানায় এই নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।
এতে আগামী ৭ দিনের মধ্যে পরীমণিকে আদালত প্রাঙ্গণে সংঘটিত ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার পাশাপাশি ভবিষ্যতে সব ধরনের অশ্লীল কথা বা সংলাপ, হুমকি প্রদান, অশ্লীল অভিনয়, অশ্লীল অঙ্গভঙ্গি, অশ্লীল নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য যা চলচ্চিত্র, ভিডিও চিত্র, অডিও ভিজ্যুয়াল চিত্র, স্থিরচিত্র, গ্রাফিকস এবং যার কোনো শৈল্পিক বা শিক্ষাগত মূল্য নেই, তা করা থেকে সম্পূর্ণরূপে বিরত থাকতে বলা হয়েছে। পাশাপাশি ৭ দিনের মধ্যে পরীমণিকে শোকজ নোটিস প্রদান করে তার বিরুদ্ধে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদককে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানানো হয়েছে। ব্যত্যয় হলে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে নোটিসে উল্লেখ করেছেন আইনজীবী।