সংকট উত্তরণে ৬ দফা প্রস্তাব এজেন্ট অ্যাসোসিয়েশনের

দেশের সংবাদপত্র শিল্প বর্তমানে নানা সংকটের মুখোমুখি। ডিজিটাল মাধ্যমের প্রসারে ছাপা পত্রিকার প্রচার সংখ্যা কমছে; অন্যদিকে মুদ্রণ, পরিবহন ও পরিচালন ব্যয় বাড়ছে। এতে সংবাদপত্রের এজেন্ট ও হকাররা আর্থিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সংবাদপত্রের প্রচলিত বিতরণ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ সংকট উত্তরণ এবং সংবাদপত্র শিল্পের সার্বিক স্বার্থরক্ষায় ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশন। গত শনিবার নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো এক স্মারকলিপিতে এসব দাবি তুলে ধরা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সংবাদপত্র শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। অথচ এ শিল্পের অবিচ্ছেদ্য অংশ এজেন্ট এবং হকাররা বর্তমানে নানা আর্থিক ও পেশাগত সংকটে রয়েছেন। একজন এজেন্টকে অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, পরিবহন, কর্মচারীদের বেতন ও হকারদের মজুরিসহ নানা ব্যয় বহন করতে হয়। অন্যদিকে একজন হকার সারা দিন পরিশ্রম করে ১০০ থেকে ১৫০ কপি পত্রিকা বিক্রি করে দৈনিক ৩৫০ থেকে ৫০০ টাকা আয় করেন। বর্তমান বাজারদরে এ আয় দিয়ে পরিবার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি অবিক্রীত পত্রিকার আর্থিক দায়ও এজেন্টদের ব্যবসায়িক সংকট বাড়াচ্ছে।

এ পরিস্থিতিতে সংবাদপত্র শিল্পের স্থিতিশীলতা ও বিতরণব্যবস্থা সচল রাখতে স্মারকলিপিতে ছয় দফা প্রস্তাব তুলে ধরা হয়েছে। এগুলো হলো এক, এজেন্টদের পরিচালন ব্যয় ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় জাতীয় দৈনিক পত্রিকার কমিশন যৌক্তিকভাবে পুনর্র্নির্ধারণ। দুই, অবিক্রীত পত্রিকার কমিশন পুনর্নির্ধারণ করা। তিন, বি ও সি ক্যাটাগরির পত্রিকার এজেন্টদের সহায়তা, অর্থাৎ সীমিত প্রচার সংখ্যার পত্রিকার এজেন্টদের জন্য মাসিক সম্মানী, পরিচালন ব্যয় বা আর্থিক প্রণোদনার ব্যবস্থা করা। চার, মালিকপক্ষ, সার্কুলেশন বিভাগ, বাংলাদেশ সংবাদপত্র শিল্প কল্যাণ ফেডারেশন, এজেন্ট অ্যাসোসিয়েশন ও হকার সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে নিয়মিত বৈঠকের আয়োজন করা। পাঁচ, সংবাদপত্রের প্রচার সংখ্যা বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং এজেন্ট-হকারদের স্বার্থ সংরক্ষণে বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন। ছয়, সংবাদপত্র বিতরণ ব্যবস্থার সঙ্গে যুক্ত এজেন্ট ও হকারদের ন্যায্য অধিকার, পেশাগত মর্যাদা ও জীবিকার নিশ্চয়তা প্রদান।

স্মারকলিপিতে নোয়াবের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এজেন্ট ও হকারদের সংকটকে শুধু একটি শ্রেণির সমস্যা হিসেবে না দেখে সামগ্রিক সংবাদপত্র শিল্পের ভবিষ্যতের সঙ্গে সম্পৃক্ত বিষয় হিসেবে বিবেচনা করা প্রয়োজন। এ লক্ষ্যে এজেন্ট ও সার্কুলেশন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ মো. আইয়ুব খান ও সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, সংবাদপত্রের মালিক, সম্পাদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে এ সংকট উত্তরণ সম্ভব হবে।