বাংলালিংক ও দুই প্রতিষ্ঠান তিন মাসের নিয়োগে এক যুগ অস্থায়ী

কেউ সাত বছর, কেউ ৯ বছর, আবার কেউ এক যুগ ধরে চাকরি করছেন। অথচ তাদের নিয়োগ দেওয়া হয়েছিল মাত্র তিন মাসের চুক্তিতে। বছরের পর বছর কাজ করলেও তাদের কারও চাকরিই স্থায়ী হয়নি। বরং আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিয়ে তিন মাস পরপর নবায়ন করা হচ্ছে চুক্তি। দেশের অন্যতম মোবাইল অপারেটর বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির ৯৯ জন কর্মী।

ভুক্তভোগীদের অভিযোগ, তারা প্রতিষ্ঠানের নেটওয়ার্ক পরিচালনা, রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত। কিন্তু স্থায়ী কর্মী হিসেবে নিয়োগ না দেওয়ায় নিয়মিত কর্মীদের মতো তারা সুযোগ-সুবিধা পাচ্ছেন না। বরং বঞ্চিত হচ্ছেন বার্ষিক বেতন বৃদ্ধি, অর্জিত ছুটির মজুরি ও অতিরিক্ত কাজের পারিশ্রমিক থেকেও। ভুক্তভোগীরা জানান, একপর্যায়ে গত বছরের ২ ফেব্রুয়ারি ই-মেইলে তাদের চাকরিচ্যুতির নোটিস দেওয়া হয়। পরবর্তী সময়ে শ্রম অধিদপ্তরে অভিযোগের পর সেই নোটিস প্রত্যাহার করা হলেও সমাধান হয়নি মূল সমস্যার। তাই শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয়েছে তাদের। চাকরি স্থায়ীকরণ, বকেয়া পাওনা আদায় ও শ্রম আইনে নির্ধারিত সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিতে বাংলালিংক এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট দুই আউটসোর্সিং প্রতিষ্ঠান-ফ্রন্ট ডেস্ক বাংলাদেশ লিমিটেড ও সার্চলাইট কমিউনিকেশনস লিমিটেডের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা করেছেন ৯৯ জন প্রকৌশলী ও কর্মী।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জানান, বাংলালিংক কয়েকটি মামলার নোটিস পেয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন। তিনি বলেন, সংশ্লিষ্ট আদালতে প্রতিষ্ঠানটি নিজের অবস্থান যথাযথভাবে তুলে ধরেছে। আদালতের যেকোনো সিদ্ধান্ত ও নির্দেশনা বাংলালিংক মেনে চলবে।

সার্চলাইট কমিউনিকেশনের মাধ্যমে ২০১৭ সাল থেকে টানা ৯ বছর বাংলালিংকে বিএসএস অফিসার হিসেবে কাজ করছেন মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, আমার কাজ প্রতিষ্ঠানের মূল ব্যবসায়িক কার্যক্রমের অংশ এবং স্থায়ী প্রকৃতির হলেও আমাকে রাখা হয়েছে আউটসোর্সিং কর্মী হিসেবে। তিনি জানান, একই ধরনের দায়িত্ব পালন করেও স্থায়ী কর্মীদের তুলনায় তারা সুযোগ-সুবিধায় বৈষম্যের শিকার হচ্ছেন। এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন। একই অভিযোগ করেছেন আরেক ভুক্তভোগী প্রকৌশলী মো. মানিক উদ্দিন।

জানা গেছে, চাকরিচ্যুতির নোটিস পাওয়ার পর কর্মীরা একত্র হয়ে প্রতিকারের দাবিতে গত বছরের ১০ ফেব্রুয়ারি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক বরাবর লিখিত অভিযোগ দেন। এতে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আটটি সুনির্দিষ্ট প্রতিকার দাবি করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি ই-মেইলে আগের ছাঁটাইয়ের নোটিস প্রত্যাহার করে কর্মীদের চাকরি বহাল রাখার কথা জানানো হয়। পরে ১০ এপ্রিল উভয় পক্ষকে বৈঠকে ডাকা হলেও কর্মীদের অভিযোগ, এতে বাংলালিংকের পক্ষ থেকে সাড়া মেলেনি। এদিকে শ্রম অধিদপ্তরে অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় গত ২৫ জুন ৯৯ জন কর্মী বাদী হয়ে শ্রম আদালতে মামলা করেন। এতে বিবাদী করা হয়েছে বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড, ফ্রন্ট ডেস্ক বাংলাদেশ লিমিটেড ও সার্চলাইট কমিউনিকেশনস লিমিটেডকে।

ভুক্তভোগী প্রকৌশলী ও কর্মীদের আইনজীবী শাহ আলম বলেন, নেটওয়ার্ক অপারেশন স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, রিজিওনাল অপারেশনস স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, বিএসএস স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার, বিএসএস অফিসার ও বিএসএস রিগার পদে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়। মামলার পর কর্মীদের পদবি পরিবর্তন করা হয়েছে।

ফ্রন্ট ডেস্ক বাংলাদেশ লিমিটেডের মানবসম্পদ বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ তান্মি ইসলাম জানান, নিয়োগের সময়ই কর্মীদের অস্থায়ী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাংলালিংক প্রতি তিন মাস পর কাজের অর্ডার দেয়। সেই অনুযায়ী তাদের প্রতিষ্ঠান আউটসোর্সিং কর্মী নিয়োগ করে কাজ করায়। এভাবেই অনেকে সাত-আট বছর ধরে কাজ করছেন।

সার্চলাইট কমিউনিকেশনস লিমিটেডের কি-এক্সিকিউটিভ অফিসার শফিকুল ইসলাম বলেন, অনেকে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তবে তাদের তিন ও ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়। কেউ চাকরি করতে না চাইলে চলে যেতে পারেন।