সৌদি আরবের জেদ্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’ শুরু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক এই প্রদর্শনী ও সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশর পক্ষ থেকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হজ খাতের আধুনিকায়ন, স্মার্ট সমাধান ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করতে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অং নিয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি হওয়ার কথা রয়েছে। নিজ নিজ দেশের পক্ষে এই দ্বিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) ও সৌদি হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ স্বাক্ষর করবেন।
এ সময় সৌদি হজ ও ওমরা মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ওআইসির রেজুলেশন মোতাবেক মুসলিম দেশগুলোর জনসংখ্যার আনুপাতিক হারে বাংলাদেশের বর্তমান কোটা ৭২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে আগের ন্যায় ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন কোটা নির্ধারণের দাবি জানাবেন বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
তবে সৌদি সরকারের হজ ও ওমরা মন্ত্রণালয় সূত্রে বলছে, বিশ্বের সব দেশ থেকেই হজ যাত্রীর চাহিদা বেড়েছে কিন্তু মিনায় পর্যাপ্ত পরিমাণ তাবু ব্যবস্থাপনা না থাকায় বাংলাদেশের চাহিদা কতটুকু পূরণ করতে পারবে সৌদি সরকার? সেটা জানার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
উদ্বোধর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বাংলাদেশের বেসরকারি হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অফ হাবের প্রেসিডেন্ট গোলাম সারোয়ার, ও মহাসচি ফরিদ আহমেদ মজুমদারসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজনৈতিক অস্থিরতার কারণে বিগত কয়েক বছর বাংলাদেশ থেকে হজ যাত্রী সংখ্যা অনেক কমে গেছে। বাংলাদেশের প্রাপ্ত কোটা পূরণ করতে না পারায় সৌদি সরকার বাংলাদেশের কোটা কমিয়ে তা অন্য দেশের চাহিদা মোতাবেক বন্টন করে দেয়। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকার পাশাপাশি জনগণের মধ্যে অর্থনৈতিক সক্ষমতা আগের তুলনায় বেড়ে যাওয়া এবং ২০২৬ সালের হজ ব্যবস্থাপনা বিগত বছরগুলোর তুলনায় সুষ্ঠু ও স্বাচ্ছন্দ হওয়ায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়ে যাওয়ায় এবছর অতিরিক্ত প্রায় ২০ হাজার মত ধর্ম প্রাণ মুসলমান ২৭ সালের হজে অংশ নিতে নিবন্ধন করেছেন।
সম্প্রতি বাংলাদেশ হজযাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সিঙ্গাপুরের চিকিৎসাধীন থাকা ধর্মমন্ত্রী মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সৌদি হজ ও ওমরা মন্ত্রী ড. তৌফিক বিন রাবিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বরাবর ডিউ লেটার পাঠানো হয়। এর ফলে কূটনৈতিক দৃঢ় তৎপরতার কারণে স্বল্প সময়ের মধ্যে ২০২৭ সালের হজে পাঁচ হাজার কোটা ইতোমধ্যে বৃদ্ধি করেছে সৌদি সরকার।