পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-তুরস্কের আলোচনা

বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, তুরস্ক থেকে পর্যটক আকর্ষণ এবং এ খাতে তুর্কি বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বৈঠক করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী ও তুরস্কের কোনিয়া অঞ্চলে বাংলাদেশের অনারারি কনসাল ডেনিজ বুলকুর।

রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পর্যটন খাতের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের পর্যটনশিল্পের সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় দেশের প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, পাহাড়, বনাঞ্চল, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসহ বিভিন্ন পর্যটন সম্পদ নিয়ে মতবিনিময় করেন দুই পক্ষ।

ডেনিজ বুলকুর বাংলাদেশের পর্যটন খাতের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি তুরস্কের পর্যটকদের বাংলাদেশ ভ্রমণে উৎসাহিত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তুরস্কের মানুষের কাছে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা ও আকর্ষণীয় গন্তব্যগুলো আরও কার্যকরভাবে তুলে ধরার সুযোগ রয়েছে বলেও মত দেন তিনি।

বৈঠকে বাংলাদেশের পর্যটন খাতে তুরস্কের বিনিয়োগের সম্ভাবনাও গুরুত্ব পায়। বিশেষ করে পর্যটন অবকাঠামো, হোটেল ও রিসোর্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে তুর্কি বিনিয়োগকারীদের অংশগ্রহণের সুযোগ নিয়ে আলোচনা করেন তারা।

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের নির্দেশক্রমে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, পর্যটনমন্ত্রী ও সচিবের পরামর্শ এবং নির্দেশনায় দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশের পর্যটন সম্ভাবনা আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা, বিদেশি পর্যটক আকর্ষণ এবং এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কাজ করছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

মুতাসিম বিল্লাহ ফারুকী আরও বলেন, বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে আন্তর্জাতিক যোগাযোগ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার হলে বিদেশি পর্যটক আকর্ষণের পাশাপাশি নতুন বিনিয়োগের সম্ভাবনাও তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ধারাবাহিকতায় পর্যটন খাতেও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। তুরস্কের পর্যটকদের কাছে বাংলাদেশকে আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরা এবং দেশের পর্যটনশিল্পে তুর্কি বিনিয়োগ আকৃষ্ট করতে ভবিষ্যতেও পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন দুই পক্ষ।