দেশের আকাশপথে যোগাযোগ বৃদ্ধি এবং বিমান পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখায় ২০২৬ সালের ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্য ইয়ার’ পুরস্কার অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্রাভেলবিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দিয়েছে।
রবিবার (৮ নভেম্বর) ঢাকার ক্রাউন প্লাজা এয়ারপোর্টে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য নাসের রহমানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ড. নুরুন্নাহার চৌধুরী, বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলমসহ অন্য অতিথিরা।
এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে একাধিক স্বীকৃতি পেয়েছে ইউএস-বাংলা। বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডমেস্টিক), বেস্ট পপুলার এয়ারলাইন ব্র্যান্ড ইন বাংলাদেশ এবং বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স বিভাগে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
অন্যদিকে বেস্ট শর্ট হোল এয়ারলাইন, বেস্ট ওয়েজ আর্নার ফ্রেন্ডলি এয়ারলাইন, বেস্ট আউটস্ট্যান্ডিং কানেক্টিভিটি সার্ভিস এবং বেস্ট রিজিওনাল এয়ারলাইন বিভাগে পেয়েছে সিলভার অ্যাওয়ার্ড।
বিভিন্ন ক্যাটাগরির এসব পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিস পরিচালক এ কে এম জুনায়েদ, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম এবং সেন্ট্রাল রিজার্ভেশন বিভাগের ব্যবস্থাপক ইকবাল আহমেদ।
পুরস্কার অর্জনের বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, এয়ারলাইন্সটির প্রতি সব ধরনের স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার জন্য প্রতিষ্ঠানটিকে প্রতিজ্ঞাবদ্ধ করবে।
উল্লেখ্য, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০২৫, ২০২৪, ২০২৩, ২০২২ ও ২০১৫ সালে বাংলাদেশ মনিটরের কাছ থেকে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’ পুরস্কার অর্জন করেছে।