নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহীদুল ইসলাম মোনা নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুন ছুরিকাঘাতে আহত হন। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজীপুর ইউনিয়নের করইতলা গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত শহীদুল ইসলাম মোনা (২২) ওই এলাকার ভুলু মিয়ার ছেলে।
নিহতের স্বজন মো. সোহেল জানান,জমি নিয়ে বিরোধের জেরে নিজ বাড়ির প্রতিবেশীর কয়েকজনের সঙ্গে মোনার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জমিতে দেওয়া বাউন্ডারি ভাঙতে গেলে তিনি বাধা দিতে গেলে এনিয়ে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন মোনা ও তার ভগ্নিপতি আবদুল্লাহ আল মামুনকে ছুরিকাঘাত করে। এতে তারা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মোনা ও আব্দুল্লাহকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোনাকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল্লাহ আল মামুনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, এ ঘটনায় আরমান হোসেন রিমন, আবুল হোসেন ও মো. আবুল কাশেম তাদের ওপর হামলা চালায়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।