ফেনীর দাগনভূঞায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালিকে কেন্দ্র করে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ বিরোধের জেরে কর্মসূচির আগে ও পরে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে বন্ধ হয়ে যায় ব্যবসাপ্রতিষ্ঠান। ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কেও যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ কর্মসূচির আয়োজন করে। দাগনভূঞা পৌর শহরের সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের সামনে থেকে র্যালিটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ও উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।
র্যালিটি সরকারি আতাতুর্ক আদর্শ উচ্চবিদ্যালয়ের ফটকের কাছে পৌঁছালে নিউ সুলতান মার্কেট ও জিরো পয়েন্ট এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্ফোরণের ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে পথচারীদের ছোটাছুটি করতে দেখা যায়।
পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে আকবর হোসেন বলেন, দাগনভূঞার মাটিতে কোনো সন্ত্রাসীর জায়গা হবে না। বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়ায় অনেক নেতাকর্মী নেতৃত্বের অপেক্ষায় রয়েছেন। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, বিএনপির কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। তবে ককটেল বিস্ফোরণের ঘটনা কারা ঘটিয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতন, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিনা আকবর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসেম বাহাদুর, উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন ভূঞা হুদন ও নাসির উদ্দিন এবং ছাত্রদলের সভাপতি সাইমুন হক রাজিব।
এর আগে বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে দুপুর থেকেই শহরে উত্তেজনা বিরাজ করছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়।
দলীয় সূত্র জানায়, দাগনভূঞা বিএনপিতে দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ চলে আসছে। গত ২ সেপ্টেম্বর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ওই ঘটনায় বিএনপির নেতাকর্মী, সাংবাদিক ও পুলিশ সদস্যসহ অন্তত ৪৫ জন আহত হন।