সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সোমবার (৯ নভেম্বর) বিকেলে শুরু হয়ে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

রবিবার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানও উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। প্রয়োজন হলে অধিবেশনের বৈঠকের সময়সূচি ও কার্যদিবসে যেকোনো পরিবর্তন আনার ক্ষমতা স্পিকারকে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

সংবিধান অনুযায়ী, সংসদের দুই অধিবেশনে ৬০ দিনের বেশি বিরতি থাকবে না। তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলেছিল। আজ সোমবার এই সময়সীমা শেষ দিনে সাংবিধানিক বাধ্যবাধকতায় বসছে চতুর্থ অধিবেশন।

গত ১৪ অক্টোবর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।