‘সন্ত্রাসীকে পাসপোর্ট নয়’: শেখ হাসিনাকে নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “সন্ত্রাসী” আখ্যা দিয়ে তাকে কোনো ধরনের নতুন পাসপোর্ট দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, শেখ হাসিনার বিচারের রায় হয়ে গেছে। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেবে না। 

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শেখ হাসিনার পাসপোর্ট নবায়নের আবেদন হাস্যকর। তিনি একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি। একজন সাজাপ্রাপ্ত আসামি, হত্যাকারী তো এ আবেদন করতে পারে না।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, ‘তিনি আসতে চাইলে তাকে ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আসতে হবে।” বাংলাদেশ ইতোমধ্যেই পরিষ্কারভাবে ভারতকে এ বার্তা দিয়েছে বলে জানিয়ে তিনি আরও প্রশ্ন তোলেন, “শুধু টাকার জন্য কোনো লবিস্ট যদি তার হয়ে কাজ করে, তাদের নৈতিক অবস্থান কোথায়?’

একই দিনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনকে একটি “রাজনৈতিক স্টান্টবাজি” হিসেবে আখ্যায়িত করেছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ‘সে (শেখ হাসিনা) কখনোই ফিরবেন না।’ তিনি কেবল রাজনৈতিক নজর কাড়তেই এই আবেদন করেছেন দাবি করে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির বিষয়ে মঙ্গলবার প্রসিকিউশন পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করা হবে।

এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে আসে যে, ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফেরার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে লন্ডনের একটি আইন সংস্থার মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদনপত্র পাঠিয়েছেন।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। পরবর্তীতে জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়ে পলাতক শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।

এছাড়াও অপর একটি অভিযোগে সাবেক এই প্রধানমন্ত্রীকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়, যার ৪৫৭ পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি চলতি বছরের ১৩ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

আইনিভাবে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাবেক এই সরকারপ্রধানের নতুন পাসপোর্টের আবেদনকে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন ডিরেক্টরেট উভয় পক্ষই সম্পূর্ণ নীতিবহির্ভূত এবং একটি “রাজনৈতিক কৌশল” হিসেবেই চিহ্নিত করছে।