২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের হয়ে বিশ্বফুটবলকে তাক লাগিয়ে দেওয়া গোলরক্ষক ভোজিনহার সাফল্যের গল্পটা মোটেও সহজ ছিল না। আন্তর্জাতিক ফুটবলের মহাযজ্ঞে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে বিশ্ববাসীর নজর কাড়ার পর গত আগস্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে পা রেখেছিলেন তিনি।
তবে ভিনদেশি এই লিগে থিতু হওয়া এবং একাদশে নিজের শক্ত অবস্থান তৈরি করাটা ৪০ বছর বয়সী এই গোলরক্ষকের জন্য বেশ কঠিন এক পরীক্ষা ছিল। শুরুর দিনগুলোতে নিয়মিত খেলার সুযোগ পেতে এবং কোচ ফার্নান্দো ওরতিজের আস্থার প্রতীক হয়ে উঠতে তাঁকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে। বেঞ্চে সময় কেটেছে, অপেক্ষা করতে হয়েছে উপযুক্ত সময়ের। কিন্তু সেই সংগ্রাম আর ধৈর্যের ফলও মিলেছে হাতেনাতে। মাত্র কয়েক মাসের ব্যবধানে কন্টিনেন্টাল ফুটবলে নিজের প্রথম লিগ শিরোপা জয়ের আনন্দে মেতে উঠলেন এই অভিজ্ঞ সেনানি।
চিস্তানের এস্তাদিও নেলসন ওয়ারিয়াজুন স্টেডিয়ামে গতকাল নুয়বলেন্সের বিপক্ষে কোলো-কোলোর শিরোপা নির্ধারণী ম্যাচটি রূপ নিয়েছিল এক মহা নাটকে। ম্যাচের ১৪ মিনিটেই অভিজ্ঞ মিডফিল্ডার আর্তুরো ভিদালের দুর্দান্ত ভলিতে লিড নেয় কোল-কোলো। তবে ২৯ মিনিটে লুকাস মোলিনার গোলে সমতায় ফিরে স্বাগতিকদের শিরোপা উৎসবের অপেক্ষা বাড়িয়ে দেয় নুয়বলেন্স।
অন্য কোনো ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে না থেকে নিজেদের জয় দিয়েই শিরোপা নিশ্চিত করতে হতো তাদের। ম্যাচের বয়স যখন শেষের পথে, ঠিক তখনই ৯২ মিনিটে মার্কোস বোলাদোস গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন এবং গ্যালারিতে নিয়ে আসেন উল্লাসের জোয়ার।
তবে নাটকের তখনও বাকি ছিল শেষ দৃশ্য। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে, অর্থাৎ ৯৭ মিনিটে বক্সের বাইরে থেকে নুয়বলেন্সের একজন খেলোয়াড় বুলেট গতির এক শট নেন। নিশ্চিত গোল এবং সমতার হাতছানি থেকে দলকে বাঁচাতে ঠিক সেই মুহূর্তে বাতাসে ভেসে ওঠে অবিশ্বাস্য এক হাত বাড়িয়ে দেন ভোজিনহা। তাঁর ওই বীরত্বপূর্ণ ও মাব্রেল সেভেই প্রতিপক্ষের সমস্ত আশা ভেস্তে যায় এবং ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কোল-কোলো। এই জয়ে ২৭ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান নিশ্চিত করার পাশাপাশি সরাসরি ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসের টিকিটও কেটে ফেলে ক্লাবটি। তিন ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করে লিগ শিরোপা।
ম্যাচ শেষে সমস্ত সংগ্রাম আর অপেক্ষার আনন্দ এক নিশ্বাসে প্রকাশ করে জয়টি নিজের দেশকে উৎসর্গ করেন ভোজিনহা। ক্লাবের মিডিয়াকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোজিনহা বলেন, ‘আমি এই শিরোপাটি আমার পরিবার এবং পুরো কেপ ভার্দির দেশের মানুষকে উৎসর্গ করছি।’