ফরিদপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আট আসামিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। সোমবার (৯ নবেম্বর) দুপুরে আদালতে আসামিদের উপস্থিতিতে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত হলেন মো. শাহীন শেখ (২৭), জয় শেখ (২৬), রহিম মোল্লা (২৬), মনির শেখ (৩১), হৃদয় খা (২৬), ইলিয়াস শিকদার (৩২), মোস্তাক শেখ (৩১) ও রিয়াজ শিকদার (২৬)। তাদের বাড়ি ফরিদপুর কোতোয়ালি থানা এলাকায়।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর ফরিদপুর শহরতলির ধলার মোড় সংলগ্ন পালডাঙ্গী চরে বন্ধুর সঙ্গে দেখা করতে যান ওই কিশোরী। বন্ধু আসতে দেরি করায় তিনি পদ্মা নদীর পাশের কাশবনে ঘুরতে যান। এ সময় দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে আসামিরা তাকে জোরপূর্বক আটকে রেখে চরের কাশবনের ভেতরে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণ করেন। পাশাপাশি ধর্ষণের ঘটনার ২৩ সেকেন্ডের একটি ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন তারা।
ঘটনার পর আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ২০২০ সালে ৬ আগস্ট জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলার পর পরই বিশেষ অভিযান চালিয়ে ৬ আগস্টই মামলার প্রধান আসামি শাহীন শেখকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে গ্রেপ্তার শাহীন শেখের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন বলেন, এই রায়ের মাধ্যমে ভুক্তভোগী পরিবার ও সমাজ ন্যায়বিচার পেয়েছে। চরের ভেতরে নারীদের নিরাপত্তা বিঘ্নিতকারী এই জঘন্য অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধপ্রবণতা কমাতে ভূমিকা রাখবে।