আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজের ফেডারেশন (আইএফআরসি)-কে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। খবর বাসস
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দপ্তরে বাংলাদেশে আইএফআরসির নতুন প্রতিনিধি হিসেবে সেভাল গুজেলকিলিঞ্চ তার পরিচয়পত্র পেশ করতে এলে তিনি এই আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তহবিল হ্রাসের এই সময়ে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর ক্রমবর্ধমান মানবিক চাহিদার কথা উল্লেখ করে হুমায়ুন কবির প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার ওপর জোর দেন।
রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র টেকসই সমাধান বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইএফআরসির সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারে সরকারের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস)-এর সক্ষমতা বৃদ্ধিতে আইএফআরসির অবদানের কথা তুলে ধরেন।
তিনি ২০২৬ সালের জুলাই মাসের বন্যা ও ভূমিধসের ঘটনায় আইএফআরসির দ্রুত সাড়াদানের প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি ও পূর্বাভাসভিত্তিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
সেভাল গুজেলকিলিঞ্চ সরকারের ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আইএফআরসির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।