পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার খসড়া প্রস্তাব

নিম্নতম মজুরি বোর্ডে শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেছেন, পোশাকখাতের শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার করার প্রাথমিক প্রস্তাব দেয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সেগুনবাগিচায় তৈরি পোশাক খাতের বেতন বৃদ্ধি নিয়ে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় বৈঠকের পর কথা বলছেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বিজিআইডব্লিউএফের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

তিনি বলেন, পোশাকখাতের শ্রমিকদের (নতুন) জন্য ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রাথমিক প্রস্তাব দেয়া হয়েছে। গ্রেড এক ৪৮ হাজার, গ্রেড দুই ৪৩ হাজার এবং গ্রেড তিন ৩৮ হাজার এবং শিক্ষানবীশ পোশাক শ্রমিকদের জন্য ৩২ হাজার করার প্রস্তাব দেয়া হয়েছে। 

তবে চলমান শ্রমিক অসন্তোষের কারণে আজকের সভায় মালিকপক্ষ থেকে মজুরি প্রস্তাব দেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন মালিকপক্ষের প্রতিনিধিরা। 

এদিকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী সাংবাদিকদের বলেন, আগামী চার কার্যদিবসের মধ্যে মালিকপক্ষ বেতন-কাঠামো সুপারিশ করবেন। এরইমধ্যে শ্রমিকপক্ষ তাদের সুপারিশ দাখিল করেছে।

এর আগে গত বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই সভা শেষে জানানো হয়, তৈরি পোশাকশিল্পে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। আর শ্রমিকরা বাড়তি বেতন হাতে পাবেন জানুয়ারি থেকে।

মজুরি বোর্ডের প্রথম বৈঠকের পর ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুরে পোশাক শ্রমিকদের অসন্তোষ কিছুটা কমেছে। তবে রবিবারও (৮ নভেম্বর) এ দুই এলাকার ৩৮টি কারখানায় শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।

মজুরি বাড়ানোর দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন পোশাক শ্রমিকরা। তাদের মজুরি পুনর্নির্ধারণের লক্ষ্যে সরকার গত ১ নভেম্বর মজুরি বোর্ড গঠন করে।

বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে রয়েছেন বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন। 

আর শ্রমিক পক্ষের প্রতিনিধি হলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতার।

এ ছাড়া শ্রমিক পক্ষের স্থায়ী সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন এবং মালিক পক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব।