শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের যাত্রা শুরু

রাজধানীর পল্লবীতে অবস্থিত শহীদ জিয়া মহিলা কলেজে রোভার স্কাউট গ্রুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। কলেজ প্রতিষ্ঠার ৩৩ বছর পর নানা সীমাবদ্ধতা ও প্রতিকূলতা পেরিয়ে গত শনিবার উদ্বোধন ও দীক্ষা অনুষ্ঠানের মধ্য দিয়ে এ গ্রুপের কার্যক্রম শুরু হয়।

শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি সাঈদুল হোসেন সাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মো. ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক এ কে এম হাফিজুল্লাহ খান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক খুরশীদ আলম, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. মঈনুল হক মঈন, স্কাউটসের ঢাকা অঞ্চলের কমিশনার ওমর আলী, নায়েমের উপপরিচালক আয়েশা আক্তার, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবিশ, ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ খালেকুজ্জামান জুয়েল এবং এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. আলমগীর হোসেন।

অনুষ্ঠানে বক্তারা কলেজে রোভার স্কাউট গ্রুপ প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন। তারা বলেন, এ উদ্যোগ নারী শিক্ষার্থীদের মধ্যে নতুন সম্ভাবনা ও সৃজনশীলতার বিকাশে ভূমিকা রাখবে। একই সঙ্গে কলেজের অগ্রযাত্রা, উন্নয়ন ও কল্যাণে ব্যাপক সহযোগিতার আশ্বাস দেন তারা।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়।

এ ছাড়া ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কলেজে জাতীয় পতাকা উত্তোলন এবং দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠায় অবদান রাখার ওপর গুরুত্বারোপ করেন।