পার্কিংয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল ব্যবসায়ীর

লক্ষ্মী পূজার অনুষ্ঠান শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী উজ্জ্বল শীল (৪২)। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান তিনি। এ ঘটনায় তার মেয়ে ও অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) দিনগত রাতে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের নাজিরহাট রাস্তার মাথা এলাকায় মাস্টার কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উজ্জ্বল শীল ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শীলবাড়ি এলাকার বাসিন্দা বিভূতিভূষণ শীলের ছেলে। নাজিরহাট ফকিরহাট বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের সদস্যদের নিয়ে হাটহাজারীতে লক্ষ্মী পূজার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন উজ্জ্বল শীল। অনুষ্ঠান শেষে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে নাজিরহাট রাস্তার মাথায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি ট্রাকের পেছনে তাদের অটোরিকশাটি সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা উজ্জ্বল শীল, তার মেয়ে ও চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই উজ্জ্বল শীলের মৃত্যু হয়। আহত তার মেয়ে ও অটোরিকশাচালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান জানান, সড়কের পাশে পার্কিং করে রাখা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে।