চট্টগ্রামে মোটরসাইকেলে এসে যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রাম নগরে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পেছনে ফরেস্ট গেটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ইমতিয়াজ সুলতান ইকরাম মুরাদপুর এলাকার  মো. ইসহাক মিয়ার  ছেলে। 

তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

পারিবারিক সূত্রের দাবি, বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের অনুসারীরা মোটর সাইকেলে এসে তাকে গুলি করেছে। 

পুলিশ জানায়, ইমতিয়াজ সুলতান ইকরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একটি এবং অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। গত ১৭  ফেব্রুয়ারি এসআরবি-৭ তাকে  গ্রেপ্তার করেছিল। 

এদিকে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, দুটি মোটর সাইকেলে এসে পাঁচজন দুর্বৃত্ত এক যুবককে গুলি করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা  নেওয়া হচ্ছে। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সোমবার বেলা সোয়া ২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।