ডাম্প ট্রাক চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

ঢাকা থেকে চুরি করা একটি ডাম্প ট্রাক চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল রবিবার নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, শওকত আলী (৪২), আবু তৈয়ব আলী (২৯) ও আব্বাস উদ্দিন ওরফে আবু মিস্ত্রি (৫৮)।  

সিএমপি উপপুলিশ কমিশনার (ডিবি-উত্তর) শেখ শরীফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে আবু মিস্ত্রির গ্যারেজ থেকে নম্বরবিহীন একটি আইচার ডাম্প ট্রাক উদ্ধার করা হয়। শওকত আলীর প্ররোচনায় গত ২৫ অক্টোবর আবু তৈয়ব ঢাকার একটি এলাকা  থেকে ট্রাকটি চুরি করেন।

পরে শওকতের পাঠানো একটি ট্রাকটি চট্টগ্রামে আনা হয়। এরপর বিক্রির উদ্দেশ্যে সেটি শওকতের কাছে হস্তান্তর করা হয়।  গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি চুরি করে যন্ত্রাংশ হিসেবে বিক্রি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা  গেছে। উদ্ধার করা ট্রাকটির মডেল আইচার টেরা-২৫। গাড়িটির দাম আনুমানিক ৭০ লাখ টাকা। ঘটনার তদন্ত চলছে।