সাহিত্যের অন্যতম প্রধান কাজ মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপন করা। বিশ্বায়নের অভিঘাতে যে সম্পর্ক ক্রমে শিথিল হয়ে আসছে, তার পুনর্নির্মাণে সাহিত্যের ভূমিকা গুরুত্বপূর্ণ। অথচ আমাদের দেশে বইয়ের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের সংযোগ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে, এমন প্রতিষ্ঠানের অভাব রয়েছে। বিশ্বজুড়ে মানবিকতাবোধের অবক্ষয় এবং ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার এ সময়ে সাহিত্যই পারে সমাজে মানবিকতার সুবাতাস ফিরিয়ে আনতে। ‘অআকখ’র যাত্রার পেছনে রয়েছে এমনই একটি প্রত্যয়। গল্পে-আড্ডায় বইয়ের কথা পৌঁছে দিতে চাই আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে। আমাদের বিবেচনায় বই ও সাহিত্যচর্চা কেবল শিক্ষক-শিক্ষার্থী কিংবা বুদ্ধিবৃত্তিক পরিসরের মানুষের জন্য নয়; মুটে, মজুর, কৃষকসহ সব শ্রেণি-পেশার মানুষেরও বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার, পাঠাভ্যাস গড়ে তোলার এবং চিন্তার জগৎ প্রসারিত করার অধিকার রয়েছে। আঠারো কোটি মানুষের জীবনে সাহিত্যের জন্য একটি জায়গা তৈরি করার এই আকাঙ্ক্ষা থেকেই ‘অআকখ’র কর্মযাত্রার সূচনা।
‘অআকখ’র যাত্রা শুরু হয়েছিল তিনজন মানুষের হাত ধরে। পরে তাদের সঙ্গে যুক্ত হন আরও অনেকে, যারা স্বতন্ত্রভাবে সাহিত্য ও সংস্কৃতির নানা কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। সাগর মল্লিক, শেখ ফাতিমা পাপিয়া ও তানজুম সাকিবের চিন্তা যখন একটি অভিন্ন বিন্দুতে মিলিত হলো, তখনই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ‘অআকখ’। শুরুতেই আমাদের একটি শর্ত ছিল—‘এই কাজের যেন সমাপ্তি না হয়।’ সেই প্রত্যয় নিয়েই এগিয়ে চলা। এরই মধ্যে পেরিয়ে গেছে তিন বছর। এ সময়ে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে পঁচিশটি জেলা টিম এবং চৌষট্টিটি অনলাইন টিম। এসব টিমে সক্রিয় সদস্যের সংখ্যা এক হাজারের বেশি।
সাহিত্যকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার অন্যতম কার্যকর মাধ্যম পাঠচক্র। ‘অআকখ’ শুরু থেকেই পাঠচক্র আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। আমাদের উদ্দেশ্য ছিল, পাঠচক্রকে একটি নির্দিষ্ট বুদ্ধিবৃত্তিক শ্রেণির গণ্ডি থেকে বের করে সাধারণ মানুষের অংশগ্রহণের উপযোগী করে তোলা। চার বছর আগেও পাঠচক্র সম্পর্কে প্রচলিত ধারণা ছিল, এটি মূলত বুদ্ধিবৃত্তিক পরিসরের মানুষের চর্চা। সেই ধারণার বাইরে গিয়ে আমরা কার্জন হল, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান ও কলা ভবনের মতো জায়গায় খোলা আকাশের নিচে সবুজ ঘাসের ওপর পাঠচক্রের আয়োজন শুরু করি। শুরুর দিকে দুজন মানুষ গিয়ে বসে থাকতাম। ধীরে ধীরে শিক্ষার্থীরা যুক্ত হতে থাকেন। ঢাকার বাইরের সাধারণ পাঠকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়। ক্রমে বাড়তে থাকে অংশগ্রহণকারীর সংখ্যা।
পাঠচক্রের এসব আয়োজন আমরা ভিডিও ধারণ করে অনলাইনে প্রচার শুরু করি। অল্প সময়ের মধ্যেই উদ্যোগটি দেশজুড়ে সাড়া ফেলে। এরপর পাঠচক্রকে আরও প্রাতিষ্ঠানিক ও বিস্তৃত পরিসরে পরিচালনার পরিকল্পনা করি। এ উদ্দেশ্যে একটি প্রস্তাবনা নিয়ে যাই জাতীয় গ্রন্থকেন্দ্রে। পরপর তিন দিন সাক্ষাতের চেষ্টা করার পর তৎকালীন পরিচালক আফসানা বেগমের সঙ্গে পাঠচক্র আয়োজন নিয়ে আমাদের বৈঠক হয়। শুরুতে গ্রন্থকেন্দ্র প্রশাসনের আপত্তি সত্ত্বেও পরিচালকের বিশেষ আগ্রহে সেখানে পাঠচক্রের কার্যক্রম শুরু হয়। এ ক্ষেত্রে আমরা পাঠচক্রের এমন একটি কাঠামো নির্ধারণ করি, যেখানে পাঠকই প্রধান। অতিথিরা পাঠকদের প্রশ্নের উত্তর দেবেন। অর্থাৎ পাঠচক্রের কেন্দ্রবিন্দুতে থাকবে পাঠকের পাঠ-অভিজ্ঞতা, কৌতূহল ও জিজ্ঞাসা।
‘অআকখ’র পেজে এসব পাঠচক্রের ভিডিও প্রকাশের পর সেগুলোতে লাখ লাখ ভিউ হতে থাকে। একই সঙ্গে বাড়তে থাকে সংগঠনের নিজস্ব উদ্যোগে আয়োজিত পাঠচক্রের পরিসরও। আটটি বিভাগীয় শহরে ইতিমধ্যে আটটি শাখা গড়ে উঠেছে। বর্তমানে শাখার সংখ্যা পঁচিশে দাঁড়িয়েছে। চৌষট্টি জেলায় চৌষট্টিটি প্রধান শাখার মাধ্যমে আটাশি হাজার গ্রামজুড়ে খেটে খাওয়া মানুষ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে একটি বিস্তৃত পাঠকসমাজ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
পাঠচক্র ‘অআকখ’র কর্মকাণ্ডের একটি অংশমাত্র। সাধারণ মানুষকে বইয়ের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে আমরা বইমেলাতেও অংশগ্রহণ করছি। বইমেলায় আমাদের বিশেষ আয়োজন ছিল—‘গল্পের দোকান’। বইকেন্দ্রিক এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য হলো, এখানে বইয়ের পাশাপাশি তৈরি হয় লেখক-পাঠকের সরাসরি মতবিনিময় ও গল্প-আড্ডার পরিসর। বাংলাদেশের সাহিত্যের গুরুত্বপূর্ণ লেখকরা এখানে আসেন এবং পাঠকদের সঙ্গে কথা বলেন। এ ছাড়া নিয়মিত লেখক সাক্ষাৎকার, পাঠকদের অভিজ্ঞতা ও মতামত প্রকাশ এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন কর্মশালার আয়োজন করে থাকি। আমাদের রয়েছে নিজস্ব সাহিত্যবিষয়ক ওয়েবসাইট, oaakakha.org। সেখানে সাহিত্যবিষয়ক নানা ধরনের লেখালেখি প্রকাশিত হয়। পাশাপাশি প্রতি বছর প্রকাশ করছি নিজস্ব ম্যাগাজিন।
বিভিন্ন উদ্যোগ ও কর্মকাণ্ডের মধ্য দিয়ে ‘অআকখ’ ইতিমধ্যে একটি স্বতন্ত্র ধারার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি অর্জন করেছে। পাঠচক্রের কার্যক্রমকে আরও বিস্তৃতভাবে মানুষের কাছে পৌঁছে দিতে আমাদের অঙ্গসংগঠনের সামাজিক প্ল্যাটফর্ম ‘Reading Circle Bangladesh’ সারা দেশে কাজ করছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই উদ্যোগের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমাদের প্রত্যাশা, ‘অআকখ’র এই উদ্যোগ ক্রমে একটি বৃহত্তর সাহিত্যিক ও পাঠকসম্প্রদায় গড়ে তুলতে ভূমিকা রাখবে।
‘অআকখ’র উদ্দেশ্য ও কর্মপরিকল্পনার কেন্দ্রে রয়েছে একটি সচেতন, মননশীল ও মানবিক সমাজ গঠনের আকাঙ্ক্ষা। আমরা চাই, সাহিত্যের মধ্য দিয়ে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে নাগরিক সচেতনতা ও চিন্তাশীলতার বিকাশ ঘটুক। একই সঙ্গে ‘অআকখ’ এক সময় দেশের গুরুত্বপূর্ণ সাহিত্যবিষয়ক প্রতিষ্ঠানগুলোর একটিতে পরিণত হোক। এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজন সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। একবার ভেবে দেখুন, মাত্র তিন বছরের পথচলায় একটি সংগঠন প্রতি মাসে পঁচিশটি জেলায় সরাসরি পাঠচক্রের আয়োজন করছে; অনলাইনে চৌষট্টি জেলায় টিম গঠন করে সাহিত্যবিষয়ক কর্মকাণ্ড পরিচালনা করছে। এর পাশাপাশি রয়েছে নিজস্ব ওয়েবসাইট, সেমিনার, লেখক-পাঠক সাক্ষাৎকার, বইমেলায় গল্পের দোকান, নিজস্ব প্রকাশনা এবং মুক্তিযুদ্ধের মাসে মুক্তিযুদ্ধবিষয়ক বই নিয়ে বিশেষ আয়োজন। সীমিত সামর্থ্য নিয়ে এত বিচিত্র কর্মকাণ্ড পরিচালনা করা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য প্রয়াস।
আমরা মনে করি, সময়ের প্রয়োজনে জেগে ওঠা এক আশাজাগানিয়া দ্বীপের নাম ‘অআকখ’। সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থেই এ ধরনের উদ্যোগের পাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকা প্রয়োজন। বিশেষত যেসব সংগঠন দেশ, সমাজ ও মানুষের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিজেদের সামর্থ্য অনুযায়ী নিরলস কাজ করে যাচ্ছে, তাদের উদ্যোগকে এগিয়ে নেওয়ার দায়িত্ব রাষ্ট্র ও সমাজ—উভয়েরই।