আশুলিয়ার কোকো ফুডসকে ২ লাখ টাকা জরিমানা

নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে ঢাকার আশুলিয়ায় কোকো ফুডস কোম্পানি লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৯ নভেম্বর) প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, সোমবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে আশুলিয়ার ২৪৬ আড়াগাঁও এলাকায় অবস্থিত কোকো ফুডস কোম্পানি লিমিটেডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কারখানার মেঝেতে রেখে ফ্লেভারড জেলি প্যাকেটজাত করতে দেখা যায়। এ ছাড়া ফ্লেভারড জেলি ও ললিপপ তৈরিতে ব্যবহৃত রং ও ফ্লেভারের মোড়কে আমদানিকারকের তথ্য ছিল না। জেলি তৈরিতে ব্যবহৃত পানির কোনো পরীক্ষাগার প্রতিবেদনও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পাশাপাশি বিএসটিআইয়ের সনদ ছাড়াই আচার উৎপাদন ও বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সহায়ক কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল উপস্থিত ছিল।