চসিককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: জামায়াত

চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতি, দলীয় প্রভাব ও অদক্ষতার বলয় থেকে বের করে একটি জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে বলে মন্তব্য করে চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, নগরবাসীর প্রত্যাশা, রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে চসিক জনগণের সেবক হিসেবে কাজ করবে। 
সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম মহানগর জামায়াতের কর্মপরিষদ বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নগরবাসীর সেবা নিশ্চিত করার প্রতিষ্ঠান হলেও বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে এর অভ্যন্তরে দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার চিত্র উঠেছে। প্রকাশিত সংবাদ অনুযায়ী, গৃহকর নির্ধারণে অনিয়মের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের কর ৩ কোটি ৩০ লাখ টাকা থেকে কমিয়ে মাত্র ১৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একইভাবে রাজস্ব বিভাগের বিভিন্ন অনিয়মে সিটি করপোরেশনের ২২২ কোটি টাকার ক্ষতির তথ্য উঠে এসেছে। এসব ঘটনা চসিকের প্রশাসনিক কাঠামোয় জবাবদিহি ও স্বচ্ছতার গুরুতর ঘাটতি তুলে ধরে। 

চট্টগ্রাম সিটি করপোরেশনকে দুর্নীতির আখড়া বানিয়ে রাখার এই সংস্কৃতি আর চলতে দেওয়া যায় না। নগরবাসীর করের টাকার প্রতিটি পয়সার হিসাব নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি ও অনিয়মের সঙ্গে জড়িতদের দল-মত ও পদমর্যাদা বিবেচনা না করে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হওয়ার পরও ডা. শাহাদাত হোসেন মেয়রের পদে বহাল থাকা এবং পরবর্তীতে নতুন করে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি তাঁর পূর্ববর্তী দায়িত্বের বৈধতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্নের জন্ম দিয়েছে। সরকার যদি তাঁকে প্রশাসক হিসেবে নতুন করে নিয়োগ দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করে থাকে, তাহলে মেয়াদোত্তীর্ণ হওয়ার পর এতদিন কোন আইনি ভিত্তিতে তিনি মেয়রের দায়িত্ব পালন করেছেন, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও মেয়রপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, ডা. এ কে এম ফজলুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ছিদ্দিকুর রহমান, অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. মাহবুবুর রহমান, মাওলানা মমতাজুর রহমান, অধ্যক্ষ মাওলানা জাকের হোসাইন ও অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ, কোতোয়ালী থানা আমীর আমির হোসাইন, বন্দর থানা আমীর মাহমুদুল আলম, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, ড. আ ম ম মসরুর হোসাইন প্রমুখ।