হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দেন: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হাম আক্রান্ত হয়ে যত শিশু মারা গেছে তার সব দায় নিজের কাঁধে নিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, ‘হামে মৃত্যুর দায় তো আমার, দায়ি আমি। আমাকে ফাঁসি দেন, আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি পারি নাই। এর বাইরে আমি কাউকে দোষ দেব না। এটা আমার ব্যর্থতা। তবে আমি চেষ্টা করে যাচ্ছি।’

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের নবনির্মিত ৪ তলা স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধন অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

টিকা নিতে অনেকের অনিহা আছে দাবি করে মন্ত্রীর ভাষ্য, ‘এখন যারা হামে আক্রান্ত হচ্ছে তাদের প্রায় কেউই টিকা নেওয়া ছিল না। তাদের বড় অংশের বয়স ছয় মাসের কম।’

একটি হাসপাতালে ভর্তি থাকা হামের রোগীর প্রায় কারও টিকা নেওয়া নেই বলে তাকে জানানো হয়েছে।

তিনি জানান, ‘শিশুরা টিকা না নেওয়ার পেছনে অনেক সময় মা-বাবারাও অবহেলা করেন, অনেকে ইনজেকশনের ভয়ে টিকাকেন্দ্রে আসেন না। তবে আমরা প্রটোকলের বাইরে গিয়ে কিছু করতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে পরামর্শ করে ব্যবস্থা নিচ্ছি। টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের অনুমোদিত আন্তর্জাতিক মানের।;

তিনি আরও বলেন, ‘ছয় মাসের নিচের বয়সিদের হাম হচ্ছে কিন্তু টিকা দিতে পারছি না। এই বিষয়ে নিয়ে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, ছয় মাসের কম বয়সি শিশুদের টিকা দিলে প্যারালাইসিস বা অন্যান্য রোগ হতে পারে।

এ সমস্যার স্থায়ী সমাধানে কয়েক হাজার কোটি টাকার পৃথক প্রকল্প নেওয়া হয়েছে। মেডিকেল ও সাধারণ বর্জ্য পৃথকভাবে ব্যবস্থাপনার উদ্যোগ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি মানুষের জন্য উন্নত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।’

শিশু হাসপাতালের আগে স্বাস্ব্যমন্ত্রী এ দিন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর আইসিইউ, পোস্ট অপারেটিভ, ই-রেজিস্ট্রেশন, কিউআর কোড ও বহির্বিভাগের উদ্বোধন করেন এবং আলোচনা সভায় অংশ নেন। এ সময় প্রতিষ্ঠানটির উন্নয়নে ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন তিনি৷

শিশু হাসপাতালের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক।