সোনালী চেলা নদীতে বালু উত্তোলন বন্ধ, বিপাকে ৩০ হাজার শ্রমিক

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সোনালী চেলা নদীতে বালু উত্তোলনে বাধা দিচ্ছে বিজিবি। জানা যায়, চলতি মৌসুমে সোনালী চেলা বালুমহালের বৈধ ইজারাদার মেসার্স জিনান এন্টারপ্রাইজ। ইজারাকৃত সোনালী চেলা থেকে বিজিবি নো ম্যানস ল্যান্ডের বাইরের নির্ধারিত এলাকা থেকেও বালু উত্তোলন করতে দিচ্ছে না।

ছাতক-দোয়ারা উপজেলার রহমতপুর, আলমপুর, সোনাপুর, সৈয়দাবাদ, চাইরগাঁও, নাসিমপুর, মন্তাজনগরসহ প্রায় ১০টি গ্রামের ৩০ হাজার বালু শ্রমিক বেকার হয়ে পড়েছেন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় জীবন-জীবিকা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তাঁরা। বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত শ্রমিকেরা জানান, বিজিবি নো ম্যানস ল্যান্ডের বাইরের নির্ধারিত এলাকা থেকেও বালু উত্তোলন করতে দিচ্ছে না। বারকি শ্রমিক, পরিবহন শ্রমিকসহ অনেক পরিবার চরম দুর্ভোগের মধ্যে পড়েছে।

শফিকুল নামের এক শ্রমিক বলেন, চেলা নদী থেকে বালু উত্তোলন করে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতাম। এখন বন্ধ থাকায় খুবই কষ্টে আছি। মেসার্স জিনান এন্টারপ্রাইজের ম্যানেজার চয়ন বলেন, আমরা বৈধ ইজারা থাকা সত্ত্বেও বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করতে পারছি না। ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।

এ বিষয়ে ৪৮ বিজিবির সোনালী চেলা বিওপির ক্যাম্প কমান্ডার শরিফ বলেন, সীমানা নির্ধারণ করে বৈধভাবে ইজারাদারেরা বালু উত্তোলন করলে তাঁদের কোনো বাধা নেই। এ ক্ষেত্রে তিনি সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলামের সহযোগিতা কামনা করেন। তিনি আরও বলেন, সীমান্ত পিলার থেকে নির্ধারিত দূরত্ব বজায় রেখে বালু উত্তোলন করতে হবে।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ইজারাদারদের বালু উত্তোলনে কেন বিজিবি বাধা দিচ্ছে, বুঝতে পারছি না। বাধা দেওয়ার এখতিয়ার তাদের নেই। ইজারাদারদের লোকজন এসেছিলেন তাঁদের সীমানা নির্ধারণ করে দেওয়ার জন্য। আমি খুব দ্রুতই যাব এবং সীমানা নির্ধারণ করে দিয়ে আসব।