‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পে অনিয়ম নিয়ে যা বললেন মন্ত্রী

আওয়ামী লীগ সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পে বরাদ্দ ও ব্যয়ে অনিয়মের বিষয় তদন্ত করার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ৷

সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার মন্ত্রী এ সব কথা জানান ৷ এ সময় অধিবেশনে সভাপতিত্ব করন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ৷
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন,

শামছুর রহমান শিমুল বিশ্বাস জানতে চান (ক) বিগত আওয়ামী লীগ সরকার একটি বাড়ি একটি খামার প্রকল্পে সর্বমোট কত টাকা ব্যয় করিয়াছে এবং বেশীরভাগ বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিবর্গকে দলীয় বিবেচনায় বরাদ্দ দেওয়ার বিষয়টি তদন্তপূর্বক কোনো ব্যবস্থা গ্রহণ করিবেন কিনা; এবং (খ)"ক" প্রশ্নের উত্তর হ্যাঁ-সূচক হইলে, তাহা কী?

উত্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, "আমার বাড়ি আমার খামার" প্রকল্পটি জুলাই ২০০৯ হতে জুন, ২০২১ মেয়াদে দেশের ০৭টি বিভাগের ৬৪টি জেলায় ৪৯২টি উপজেলায় বাস্তবায়িত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ছিল ৭৮৮৫২৭.০৫ লক্ষ টাকা। প্রকল্পটি ৩০ জুন, ২০২১ এ সমাপ্ত হয়েছে। প্রকল্পের কার্যক্রম স্থায়ীভাবে রূপদানের জন্য প্রকল্পটি পল্লী সঞ্চয় ব্যাংকে রূপান্তরিত হয়ে ১ জুলাই, ২০২১ হতে অর্থ মন্ত্রণালয়ের 'আর্থিক প্রতিষ্ঠান বিভাগে' হস্তান্তরিত হয়ে এ সংক্রান্ত কার্যক্রম উল্লিখিত বিভাগ হতে চলমান রয়েছে। পল্লী সঞ্চয় ব্যাংকের কোন কার্যক্রম পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে না থাকায় আলোচিত অনিয়মের বিষয়ে তদন্তকরণে এ বিভাগের এখতিয়ারের মধ্যে পড়ে না মর্মে প্রতীয়মান হয়।